ভারত-পাকিস্তানকে অবশ্যই আলোচনা করতে হবে: গাভাস্কার

Unknown
সেবা ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়মিত ক্রিকেট ম্যাচ পুনরুজ্জীবিত করার পথ খুঁজে বের করতে নয়াদিল্লি এবং ইসলামাবাদকে অবশ্যই আলোচনা শুরু করতে বলে মনে করছেন সাবেক ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে প্রস্তাবিত সিরিজের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে লেখা চিঠির জবাবের অপেক্ষায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বছর পিসিবি এবং বিসিসিআইর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ছয়টি সিরিজের মধ্যে এটি একটি এবং সব কিছুই নির্ভর করছে দেশ দুইটির সরকারের অনুমতির উপর।
কিন্তু উভয় দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবং গত আগস্টে দেশ দুটির নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর প্রস্তাবিত এই সিরিজ হওয়ার বিষয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে।
বিসিসিআই গত সপ্তাহে জানিয়েছিল, তারা সরকারের অনুমতি চেয়েছে এবং আশা করছে আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত কোন জবাব দিতে পারবে।
সিরিজটি অনুষ্ঠিত হলে তা হবে ২০০৭ সালের পর দেশ দুটির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ২০০৮ সালে মুম্বাই হামলার পর প্রতিদ্বন্দ্বী দেশটির সঙ্গে অধিকাংশ ক্রিকেটীয় সম্পর্ক বাতিল করে ভারত। কারণ পাকিস্তানি জঙ্গিদের পরিকল্পনায় এই হামলা হয়েছিল বলে প্রথম থেকেই দাবি করে আসছে ভারত সরকার। যদিও ২০১২ সালের শেষ দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফর করে পাকিস্তান ক্রিকেট দল।
নিজের সুনিপুণ ব্যাটিং শৈলীর জন্য সীমান্তের দুই পাড়েই জনপ্রিয় গাভাস্কার বলেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান অবিশ্বাস দূর করতে হবে।
শারজাহতে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট চলাকালে এক পাশে বার্তা সংস্থা এএফপিকে গাভাস্কার বলেন, আমি মনে করি যেকোনো সমস্যা সমাধান করতেই মানুষের আলোচনা করা দরকার। আপনি যদি একে অপরের সঙ্গে আলোচনা না করেন তবে কোন সমস্যারই সমাধান হবে না। অতএব আলোচনাই প্রথম পদক্ষেপ।
তিনি বলেন, সরকারের মনোভাব পরিবর্তনের ক্ষমতা কোন খেলারই আছে বলে আমি মনে করি না। কিন্তু যখন দুইটি দেশ একে অপরের মোকাবেলা করে তখন তাদের সমর্থকরা আসে এবং ম্যাচ দেখে, তারা সবাই পরস্পরের সঙ্গে মিশে যায় এবং বোঝাপড়ার উন্নতি হয়। যা সরকারগুলোকে একটা ইঙ্গিত দেয়। তবে আমি রাজনীতিবিদ নই এবং একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলছি, আলোচনা না করলে আপনি কোন সমস্যার সমাধান করতে পারবেন না।
সুনীল বলেন, অনেক কিছু চিন্তা-ভাবনা করেই সরকার সিদ্ধান্ত নেয় এবং আমি মনে করিনা সাবেক কোন খেলোয়াড়ের কথাতে অবস্থার পরিবর্তন হবে।
কেবলমাত্র এই অঞ্চল নয়, পুরো বিশ্বের জন্যই ভারত এবং পাকিস্তানের একে অপরের খেলাটা গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেন গাভাস্কার।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের দিকে ইঙ্গিত করে গাভাস্কার বলেন, আমি মনে করি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে খেলা হলে উপমহাদেশের ক্রিকেট আরো শক্তিশালী হবে।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top