প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ঐক্য ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিপ্লবী ছাত্র মৈত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে টিএসসি চত্ত্বর, জাতীয় জাদুঘর ও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ আখ্যায়িত করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক ফয়সাল ফারুক অভিক, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক শওকত আল ইমরান।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক বলেন, দীপনের খুনিদের খুঁজে বের করার দায়িত্ব জনগণের নয়, রাষ্ট্রের। জনগণের ট্যাক্সের টাকায় যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা সেই দায়িত্ব পালন না করে ফ্যাসিবাদী-স্বৈরশাসনকে পাহাড়া দিতে ব্যতিব্যস্ত। সকল হত্যাকাণ্ডের দায়ভার সরকারকেই নিতে হবে।’

