সেবা ডেস্ক: সিলেট, রাজশাহী ও গাজীপুরের পর এবার বরখাস্ত হলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি। সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার সচিব আবদুল মালেক। মনিরুজ্জামানের নামে ফৌজদারি আইনে মামলা রয়েছে। ইতিমধ্যে পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে। আইন অনুযায়ী, কোনো জনপ্রতিনিধির নামে ফৌজদারি মামলায় অভিযোগপত্র দেওয়া হলে তাঁকে বরখাস্ত করার বিধান আছে। মনিরুজ্জামান ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে বিজয়ী হন। আইন অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত তাঁর মেয়াদ। প্রসঙ্গত, এর আগে নাশকতার মামলা থাকায় সিলেট, রাজশাহী ও গাজীপুরের মেয়রকে বরখাস্ত করা হয়।
