কাজের মাঝে আনন্দ

S M Ashraful Azom
পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ/ আলস্যে দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ।’ আসলেই পরিশ্রম মানুষকে সুখ আর ধন এনে দেয়। তবে পরিশ্রম করার জন্য দরকার কাজের প্রতি আগ্রহ। আনন্দ থাকলেই মানুষ কাজে আগ্রহী হয়। আনন্দ না থাকলে কাজে মন বসে না। দিনদিন একঘেয়েমি চলে আসে। কাজকে নেহাত কর্তব্য বলে মনে হয়। কেবল মাসিক বেতনের পরিবর্তে কয়েক ঘণ্টার পরিশ্রম। অফিসের কাজে আগের মতো উত্সাহ ও আনন্দ থাকে না। অফিসে যদি আপনার অবস্থা এমন হয়, তবে কিছু পদক্ষেপ আপনাকে অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করবে। কাজে আনন্দ ফিরিয়ে আনার জন্য আপনি কিছু পরামর্শ মেনে চলতে পারেন। এজন্য মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি।
 
কর্মক্ষেত্রে নানা কারণে আপনার কাজের আগ্রহ কমে যেতে পারে। কারণ অফিস তো শুধু কাজের জায়গা নয়। কাজের সঙ্গে সঙ্গে আরও অনেক ব্যাপার সামলে চলতে হয়। এই যেমন—অফিস পলিটিকসের মোকাবিলা করা, অপছন্দের সহকর্মীর সঙ্গে মানিয়ে চলা, অফিস প্রধানকে খুশি রাখা, অফিস ও বাড়ি ভারসাম্যে রেখে কাজের চাপ সামলানো। সবার আগে খুঁজে বের করতে হবে আপনার সঙ্গে কোন বিষয়গুলো ঘটছে। অফিসে আপনার অখুশি থাকার কারণগুলো বারবার খতিয়ে দেখুন। ভালো করে বুঝতে চেষ্টা করুন আপনার দিক থেকে কোনো খামতির জন্য এই সমস্যাগুলো জট পাকিয়ে যাচ্ছে না তো। সমস্যা যতই জটিল হোক না কেন, নিজেকে কয়েক মাস সময় দিন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। এটা খুব কঠিন কাজ নয়। তবে সমস্যা সমাধানের বেশ খানিকটা নির্ভর করছে আপনার মানসিক গঠনের উপর। আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে সমস্যা সমাধানে।
 
সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ছোটখাটো মনোমালিন্যকে গুরুত্ব না দিয়ে পাশের মানুষটিকে বুঝতে চেষ্টা করুন। মনোযোগ দিয়ে কাজ করুন। নিজ দায়িত্ব সম্পূর্ণ করার চেষ্টা করুন। সহকর্মীর সমালোচনা থেকে বিরত থাকবেন। কারও ব্যক্তিগত জীবন নিয়ে কুত্সা, কাজ নিয়ে সমালোচনা, কাউকে অসুবিধায় ফেলে আনন্দ পাওয়ার প্রবণতা সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর। নিন্দা না করে মন খুলে সহকর্মীর প্রশংসা করুন। দেখবেন অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে। চারপাশের মানুষগুলো বন্ধুসুলভ আচরণ করছে। আপনার কাজের প্রশংসা করছে। এছাড়া সহকর্মীদের পরিবার, ব্যক্তিগত সমস্যার কথা সহানুভূতির সঙ্গে শুনুন। কোনো মজার জোকস, গল্প কিংবা খুদে বার্তা তাদের সঙ্গে শেয়ার করুন। কেউ আপনাকে সাহায্য করলে তাকে বড় করে ধন্যবাদ দিন।
 
অফিসে কাজের চাপ থাকবেই। কিন্তু নিজেকে একঘেয়েমি থেকে মুক্তি দিতে কাজের ফাঁকে ফাঁকে ছুটি নিন। অফিসের কথা ভুলে গিয়ে নিজের মতো করে সময় কাটান। বেড়িয়ে আসুন দূরে কোথাও। বছরে একবার হলেও সহকর্মীদের সঙ্গে পিকনিকে যাবেন। এতে সম্পর্ক দৃঢ় হবে। আনন্দ খুঁজে নিতে হবে আপনাকে। বাড়ির কাজকর্মের সঙ্গে অফিসের কাজ মিলিয়ে ফেলবেন না। ভালো কাজের জন্য রাতে ভালো ঘুম হওয়া জরুরি। সেদিকে খেয়াল রাখুন। কর্মপরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখবেন। এই সবকিছু মানিয়ে নিতে পারলে আপনি কাজটি উপভোগ করতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top