সেবা ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজে তাসকিনের খেলা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কয়েকদিন আগে ফিজিও জানিয়েছিলেন, জিম্বাবুয়ে সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন তাসকিন। কিন্তু নির্বাচক-কোচ নাকি তাসকিনের ওপর ভরসা রাখতে পারছেন না। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের সংক্ষিপ্ত দলে তাসকিন থাকছেন না। এর আগে ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। সেখানে তাসকিনের নাম ছিল। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলছে, ১৪ সদস্যের সংক্ষিপ্ত দলে তাসকিনকে রাখতে চাচ্ছেন না কোচ-নির্বাচকরা। সূত্রের দাবি, তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না বিসিবি। তার ইনজুরির প্রবণতা এমনিতে বেশি। তাই এই সিরিজে (বিশেষ করে ওয়ানডেতে) তাকে বিশ্রাম দিতে চাইছে নীতিনির্ধারকরা। আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে অতিথিরা। খেলা মাঠে গড়াবে সাত নভেম্বর। সবকটি ম্যাচ হবে মিরপুরে। ‘এ’ দলের হয়ে ভারত সফর করার সময় ইনজুরিতে পড়েন তাসকিন। সিরিজ চলাকালীন দেশে ফিরিয়ে আনা হয় তাকে। জানা গেছে, কামরুল ইসলাম রাব্বির অভিষেক হয়ে যেতে পারে। সুযোগ পেতে পারেন আল-আমিনও। বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের দায়ে দেশে ফেরার পর থেকে জাতীয় দলে ব্রাত্য ছিলেন এই পেসার। ১৮ সদস্যের দল থেকে বাদ পড়তে পারেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস এবং শফিউল ইসলাম। কয়েকদিন আগে তাসকিন গণমাধ্যমে বলেন, জিম্বাবুয়ে সিরিজে মাঠে নামার জন্য তিনি শতভাগ ফিট। সূত্র বলছে, ওয়ানডেতে তাকে বিবেচনা না করা হলেও টি-টোয়েন্টিতে থাকতে পারেন। সম্ভাব্য ১৪ সদস্যের দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।
