ভারতজুড়ে গরুর মাংস নিয়ে চলমান বিতর্কের মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সীড্ডারামাইয়াকে গোমাংস খেলে খুন করে ফেলার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির এক কাউন্সিলর। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ যদি গোমাংস খান, তাহলে আটকানো যায় না। তিনি বলেন, আগে তিনি গোমাংস না খেলেও, এবার খাবেন।
গরুর মাংস নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর মঙ্গলবার ওই বিজেপি নেতা বলেন, গোমাংস খেলে মুখ্যমন্ত্রীর গলা কেটে রেল লাইনে ফেলে দেওয়া হবে। প্রকাশ্য সমাবেশে বিজেপি নেতা চান্নাবাসাপ্পা বলেন, 'ছোটবেলা থেকে আমরা গোরুর দুধ খেয়ে বড় হয়েছি। সেখানে একজন কংগ্রেস নেতার এই ধরণের মন্তব্য হিন্দু ভাবাবেগকে আঘাত করবে। মাংস খাওয়ার কথা বলা মহাপাপ।'
সঙ্গে বিজেপি নেতা হুমকি দেন, যারা গো মাংস খাওয়ার পক্ষে বড় বড় কথা বলছে, তারা মহাপাপ করছে। বিজেপি নেতার এমন হুমকির পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: জিনিউজ

