সেবা ডেস্ক: এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একটি চক্র প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে তারা সফল হয়নি। আজ রবিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা কোনো পাবলিক পরীক্ষায় নয়। এটি একটি জাতীয় পরীক্ষা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এ পরীক্ষা নেয়া হচ্ছে। একইভাবে পিএসসি পরীক্ষাও নেয়া হচ্ছে। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করাটাই আমাদের লক্ষ্য। মন্ত্রী পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে কেন্দ্রে না ঢুকে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও তাদের অভিবাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
