গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে বাস ভাংচুর, মেয়র প্রার্থীকে শোকজ

S M Ashraful Azom
0

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের শো-ডাউন থেকে একটি যাত্রীবাহী বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে নির্বাচনী আচরণবিধি লংঘন করে শো-ডাউন করার অভিযোগ এনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
 
রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক সিনেমা হল মোড় এলাকায় রোববার সন্ধ্যা ৭টার দিকে ঐশ্বর্য্য পরিবহন নামের ওই যাত্রীবাহী বাসটি ভাংচুরের ঘটনা ঘটে।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী পৌর আ’লীগের সভাপতি বর্তমান মেয়র আতাউর রহমান সরকারের নৌকা মার্কার সমর্থকরা রোববার সন্ধ্যার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে একটি  মিছিল বের করে।
 
রংপুর-ঢাকা মহাসড়ক ধরে সন্ধ্যায় মিছিলটি ওই এলাকায় পৌঁছে। এসময় রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী ঐশ্বর্য্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছুলে ওই শো-ডাউন থেকে কয়েকজন অতর্কিতভাবে বাসটিতে হামলা চালায়। তারা বাসের দুই পার্শ্বের জানালা ও সামনের এবং পিছনের গ্লাস ভাংচুর করে।
 
তিনি আরো জানান, খবর পেয়ে তিনি, গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামাণিক ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস আলমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে থানায় আজ রাত ১১ টা পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।
 
ওই বাসের সুপারভাইজার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই শো-ডাউন থেকে কয়েকজন তাদের বাসে হামলা চালায়। এতে বাসের গ্লাস ভেঙ্গে ৬/৭ জন যাত্রী আহত হন।
 
তবে, শো-ডাউনে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, শান্তিপূর্ণ প্রচার শো-ডাউনের ভিতরে বাসটি হঠাৎ ঢুকে পড়ে। এসময় তাদের কয়েকজন কর্মী ও সমর্থক আহত হন। এ ঘটনায় শো-ডাউনের লোকজন বিক্ষুদ্ধ হয়ে বাসটিতে হামলা করে।
 
গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নির্বাচনের আচরণ বিধি লংঘন করে শো-ডাউন করার অভিযোগে রেববার রাত ৯টার দিকে মেয়র প্রার্থী আতাউর রহমান সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
 
কিন্তু এ বিষয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সরকারের সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও  তাকে পাওয়া যায়নি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top