সেবা ডেস্ক: তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে
বিতর্ক সৃষ্টির মধ্যদিয়ে বেগম খালেদা জিয়া নব্য রাজাকারের খাতায় নাম
লেখালেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের
মানুষের সাথে বেঈমানি করেছেন।’
শুক্রবার
দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের
সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব
কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম বদিউজ্জামানের সভাপতিত্বে
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহেলা আক্তার, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আব্দুল মান্নান খান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ বক্তব্য
রাখেন।
হাসানুল
হক ইনু বলেন, একাত্তরের রাজাকারদের যেমন বিদায় দিতে হবে তেমনি নব্য
রাজাকারদেরও ঝেটিয়ে বিদায় করতে হবে। এরা যুদ্ধাপরাধীদের বিচারটা বন্ধ করতে
চায়, সঠিক ইতিহাসের চর্চাটা আবার নির্বাসনে পাঠাতে চায়।
খবর বাসসের।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।