লাদেন এসেও নারীশিক্ষার অগ্রযাত্রা থামাতে পারবে না : গণশিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
0

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, লাদেন, জাওয়াহিরি বা আইএস এসেও বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রা থামাতে পারবে না।
 
তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। শিক্ষাসহ সব ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের কারণে বাংলাদেশ এগিয়ে যাবে।
 
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি অডিটরিয়ামে ‘এডুকেশন ওয়াচ রিপোর্ট-২০১৫’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে এগিয়েছে। অভিভাবকরাই মেয়েকে শিক্ষার জন্য, চাকরির জন্য এগিয়ে দিচ্ছেন। এর কারণ দেশের মানুষ মনে করছে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।
 
‘সহস্রাব্দ উন্নয়ন থেকে টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্প) এর চেয়ারপারসন কাজী রফিকুল আলম।
 
ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট এর সদস্য ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিক ভর্তিতে মেয়েরা এগিয়ে থাকলেও পরিবারে খাদ্যপুষ্টি বন্টনে পিছিয়ে রয়েছে। এদিকে খেয়াল রাখতে হবে। মাধ্যমিকে শিক্ষার ভয়াবহ ঘাটতি রয়েছে। এমডিজি থেকে এসডিজিতে যেতে মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
 
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সমাজের অগ্রগতির আকাঙ্খা রিপোর্টে উঠে এসেছে। ইংরেজিতে এবং অংকে প্রতিযোগিতার সক্ষমতা বাড়লেও বাংলায় সক্ষমতা কমছে বলে মনে হচ্ছে।
 
গবেষণায় উঠে আসে, আগের তুলনায় প্রাথমিক স্তরে নিট ভর্তির হার শতভাগ পৌঁছাবে ২০১৯ সালে।
 
গবেষণায় আরো তুলে ধরা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আগের চেয়ে বেশি সমর্থ। শ্রেণিকক্ষের সংখ্যা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সুবিধার সঙ্গে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও উন্নতি দেখা দিয়েছে। শতকরা আশি ভাগ তরুণ এখন শিক্ষিত। লিখিত গবেষণাপত্রে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতি ৭টি নীতিমালা সংক্রান্ত সুপারিশ করা হয়।
 
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএফআইডি বাংলাদেশের টিম লিডার ড. ক্যারোলিন সানার্স। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন এডুকেশন ওয়াচের প্রধান গবেষক সমীর রঞ্জন নাথ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top