সেবা ডেস্ক: নানা জল্পনাকল্পনার পর অবশেষে গ্যালাক্সি এ৯ স্মার্টফোন উন্মুক্ত করতে যাচ্ছে স্যামসাং। চলতি বছরের নভেম্বর মাস থেকে ডিভাইসটির কনফিগারেশনের তথ্য ফাঁস হতে শুরু করে অনলাইনে। আর তখন থেকেই প্রযুক্তিবিশ্বে ডিভাইসটি নিয়ে মাতামাতি শুরু হয়। কিন্তু এ ব্যাপারে যথারীতি মুখে কুলূপ এঁটে রাখে স্যামসাং।
বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্যালাক্সি এ৯ বৃহস্পতিবার চীনের বাজারে উন্মুক্ত করা হচ্ছে। শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের বাজারেও উন্মুক্ত করা হবে বহুল আলোচিত এই ডিভাইস।
স্যামসাংয়ের চীনা ওয়েবসাইটে সম্প্রতি গ্যালাক্সি এ৯ স্মার্টফোন তালিকাভূক্ত করা হয়েছে। এখানেই ডিভাইসটির কনফিগারেশনের নানা তথ্যও প্রকাশ করা হয়েছে।
স্মার্টফোন বাজারে গ্যালাক্সি এ৩, এ৫ ও এ৭ আসার পর বেশ সাড়া জাগায়। গ্যালাক্সি এ৯ স্মার্টফোনটিও বাজার মাতাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মিড-রেঞ্জের এই ফোন সাদা, পিংক ও সোনালী রঙে বাজারে আসবে। ডুয়াল সিমের এই ফোনে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন থাকবে। ডিসপ্লের পিক্সেল ঘনত্ব হবে ৪০১ পিপিআই।
ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬২০ চিপসেট ব্যবহার করা হবে। এতে ৪এক্স করটেক্স-এ৭২ ও ৪এক্স করটেক্স-এ৫৩ কোরের অক্টা-কোর ১.৮হার্টজ প্রসেসর থাকবে। আর অপারেটিং সিস্টেম হিসেবে স্মার্টফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ। তবে এতে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো হালনাগাদের সুবিধা রাখা হবে।
৩জিবি র্যামের এই ফোনে ৩২জিবির ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ভিডিও করা ও ছবি তোলার জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশের অটোফোকাশ রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
এই ফোনে চার হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে।
কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ৪জি এলটিই, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ব্লুটুথ ভি৪.১, বেইডু, মাইক্রো-ইউএসবি ২.০ এবং ওয়াই-ফাই সমর্থন করবে।
ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও স্যামসাং পে ফিচার থাকবে। এর দরদাম সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।