
মিঠু আহমেদ, জামালপুর ॥ নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য এই আওয়াজ তুলে ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের লক্ষে সকাল ১০টায় স্থানীয় বকুলতলা মোড়ে সমবেত হয় বিপুল সংখ্যক নারী পুরুষ।উপস্থিত নারী পুরুষ মানববন্ধন শেষে শহরে উক্ত স্থান হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন ঘোষনা করেন অতিরিক্ত জেলা হাকিম মো. শফিকুল ইসলাম।
জেলা জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত সাব-ক্লাস্টার কমিটির আহ্বায়ক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, ইউএনএফপিএ প্রতিনিধি মো: ফয়জুর রহমান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তফা মনজু, ছাত্রী প্রতিনিধি আফরিন খান, নারী প্রতিনিধি লাইলী বেগম, পুরুষ প্রতিনিধি কাউছার আহম্মেদ, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি রাসেল মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই অধিক কার্যকর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেন সরকারি আশেক মাহমুদ কলেজ ও সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থীরা। এতে চ্যাম্পিয়ন হয় আশেক মাহমুদ কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত জাহেদা সফির মহিলা কলেজের দলনেতা আফরিন খান। পরে উভয় দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, অন্যান্য বিচারকমন্ডলী, কলেজের অধ্যাপকবৃন্দ ও দুই কলেজের ছাত্র, ছাত্রীরা।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে এম্বেসি অব দ্যা কিংডম অব দ্যা নেদারল্যান্ডস অর্থায়িত আস্থা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি, আইন ও সালিস কেন্দ্র, ইউএনএফপিএ এবং সমমনা বেসরকারি উন্নয়ন সংগঠন।
অনুষ্ঠানে সমমনা বেসরকারি উন্নয়ন সংগঠনসমুহের মধ্যে অংশ নেয় উন্নয়ন সংঘ, ব্র্যাক, অপরাজেয় বাংলাদেশ, মহিলা পরিষদ, নারীপক্ষ, দুর্বার নেটওয়ার্ক, এফপিএবি, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, সৃষ্টি মহিলা সংস্থাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ, পক্ষকালব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ৫ ডিসেম্বর পুরুষ প্রতিনিধিদের সাথে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাইকেল শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়িতাদের ক্রেস্ট প্রদান, সংবাদ সম্মেলন, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নিবেন বলে আয়োজক সংস্থা সূত্র জানায়।
⇘সংবাদদাতা: মিঠু আহমেদ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।