
সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ডা. মুরাদ হাসান বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। গতকাল রাত সোয়া ৮টায় বেসরকারীভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও সাইফুল ইসলাম। ডা. মুরাদ হাসানের প্রাপ্ত ভোট সংখ্যা দুই লাখ ১৭ হাজার ১৯৮। এক হাজার ৫৯৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মোখলেছুর রহমান বস্তু।
ইউএনও অফিস সুত্র জানায়, পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ৮৪টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫২ হাজার ৭৪৫টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ৮৮%। চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগের (নৌকা) ডা. মুরাদ হাসান, জাতীয় পার্টি (লাঙ্গল) মোখলেছুর রহমান বস্তু, ইসলামি আন্দোলনের (হাতপাখা) আলী আকবর ও বিএনএফ প্রার্থী মোস্তফা বাবুল।
নির্বাচিত ডা. মুরাদ হাসান নবম জাতীয় সংসদের এমপি ছিলেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা। তাঁর বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত অ্যাড. মতিয়র রহমান তালুকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের অস্থায়ী বিচারপতি। নির্বাচনে ফলাফল ঘোষণার পর ডা. মুরাদ হাসান এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এ বিজয় মুক্তিযুদ্ধের বিজয়, এ বিজয় শেখ হাসিনার বিজয়। সরিষাবাড়ীতে অতীতে যাই হোক, সামনে সব ধরণের হিংসা-বিভেদ ভুলে সবাই মিলে একসাথে কাজ করতে চাই।’ এছাড়া তিনি নেতাকর্মীদের কোনো ধরণের উশৃঙ্খলা ও সংঘাতে না জড়ানোর আহ্বান জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।