সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে: ডিজি বেনজীর আহমেদ

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা শাহার বাড়ি পুর্ননির্মাণের চাবি হস্তান্তর শেষে তিনি এ সব কথা বলেন।
পরে সেখানে এক সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি আরো বলেন, নির্বাচন আসলেই সমাজের এক শ্রেণির মানুষ নিরীহ মানুষের উপর হামলা করে। আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবো। দেশ গড়ার ক্ষেত্রে এ দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ কাজ করেছে। এই নির্বাচন সফল করার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সারাদেশব্যাপী যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তায় আমরা বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছি।
সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন- রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, র্যাব-১৩ এর অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
উল্লেক্ষ্য, গত ২২ ডিসেম্বর রাতে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় মটা সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ২৩ ডিসেম্বর থেকে দিনাজপুর র্যাব-১৩ এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পুর্ননির্মাণ ও এলাকায় নজরদারি শুরু করে।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।