বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: ক্ষয়ক্ষতি কমাতে ও দ্রুত উদ্ধার অভিযানে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনের ক্ষয়ক্ষতি কমাতে এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি নিজে টেলিফোনে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়ার আদমদীঘিতে ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। তিনি দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। নিজের সাবেক নির্বাচনি এলাকা হিসেবে বগুড়ার এই দুর্ঘটনার প্রতি প্রধানমন্ত্রী বিশেষ নজর রাখছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এই আসনটি ছেড়ে দেন।
দুর্ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।