রৌমারীতে অটোবাইক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু: চালক আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতী খাতুন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনেরচর গুচ্ছগ্রাম সংলগ্ন তুরা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতী ওই এলাকার জাইদুল ইসলামের কন্যা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি চর বামনেরচর গুচ্ছগ্রাম সংলগ্ন তুরা রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোবাইক তাকে চাপা দিলে মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পেয়ে সে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় জনতা চালক বাবুল মিয়া ও তার অটোবাইকটি আটক করেছে। আটক চালক জামালপুর জেলার ডিগ্রির চর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অটোবাইক ও চালক বর্তমানে স্থানীয়দের হেফাজতে রয়েছে। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।