খাদ্য পানির সংকটে বানভাসি মানুষ

S M Ashraful Azom
ঘাঘট নদীর বন্যার পানির চাপে সোনাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। কুড়িগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ বেড়েছে মানুষের। শিবালয় উপজেলায় যমুনার ভয়াল ভাঙ্গনে এলাকার মানচিত্র বদলে যাচ্ছে।
 
গাইবান্ধা প্রতিনিধি জানান, ঘাঘট নদীর বন্যার পানির চাপে মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট সংলগ্ন শহর রক্ষা সোনাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গাইবান্ধা পৌর এলাকাসহ দুইটি উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি, বোয়ালী, বাদিয়াখালী, রামচন্দ্রপুর ও ফুলছড়ির উদাখালী, কঞ্চিপাড়া, গজারিয়া এবং উড়িয়া ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোক নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন। ওইসব এলাকার কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা, শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মাছের খামারের সব মাছ পানিতে  ভেসে গেছে। বন্যা কবলিত ওইসব এলাকার অসহায় মানুষ ধান, চালসহ প্রয়োজনীয় জিনিসপত্র ও হাঁস-মুরগি এবং গরু-ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন।
 
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি সামান্য হ্রাস পেলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ বেড়েছে ৬ লক্ষাধিক বানভাসি মানুষের। নৌকা, কলাগাছের ভেলা ও বাঁশের মাচানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছে হাজার হাজার বানভাসি মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। গো-খাদ্যের সংকট তীব্র।
 
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার চরাঞ্চলের ৫টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে এক হাজার হেক্টর রোপা আমনের ক্ষেত।    বন্ধ রয়েছে ৩১টি বিদ্যালয়ে পাঠদান।
 
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল ত্রিসুরি, সাতপাড়া, মধ্যনগর, আলোকদিয়া, চরশিবালয়সহ পার্শ্ববর্তী অন্তত ১০ কিলোমিটার এলাকার প্রায় ৪শ’ বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক হাজার একর ফসলি জমি গত এক সপ্তাহের ব্যবধানে যমুনায় বিলীন হয়েছে। ঘর-বাড়ি হারিয়ে বহু পরিবার খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। যমুনার ভয়াল ভাঙ্গনে যেন এ এলাকার মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top