সেবা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘দেশ এখন এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এখন স্বপ্ন দেখতে শিখেছেন, স্বপ্নও দেখছেন।’ শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশে বিদ্যুতের চাহিদা পূরণে বৃহত্তর কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামীতে লোডশেডিং নামের শব্দটি দেশ থেকে উঠে যাবে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় স্পিকার বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এখন স্বপ্ন দেখতে শিখেছেন, স্বপ্নও দেখছেন। দেশকে এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, আওয়ামী লীগের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
