
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ইউপি নির্বাচনে আচরণ বিধি লংঘনে বাঁধা দেওয়ায় ইউএনও’র ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদ (৩৫) কে সোমবার দুপরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২০ জুন উচ্চ আদালতের নির্দেশনায় শেরপুরের নিম্ন আদালতে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সরকার হাসান শাহরিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩১ মে শ্রীবরদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈদ আচরণ বিধি লংঘন করে সরকারি গাড়ি ব্যবহার করায় মামদামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বাঁধা দেন ইউএনও হাবিবা শারমিন। এতে মেয়র ক্ষিপ্ত হয়ে ইউএনও’র সাথে অসদাচরণ করে ও প্রাণ নাশের হুমকি দেন। একই দিন সন্ধার পর কাকিলাকুড়ার খামারপাড়া ভোট কেন্দ্রে ইউএনও হামলার শিকার হন। এসময় তার গাড়িও ভাংচুর করা হয় এবং তিনি হামলায় আহত হন। ঘটনাটি তিনি জেলা প্রশাসককে অবহিত করলে জেলা প্রশাসক নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অভিযোগ করে। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ মেয়র আবু সাঈদকে সাময়িক বরখাস্ত করে। এঘটনায় ইউএনও হাবিবা শারমিন বাদী হয়ে ১৬ এপ্রিল মেয়র সাঈদসহ ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মেয়র উচ্চ আদালতে রিট করলে তার সাময়িক বহিস্কারাদেশ স্থগিত হয়ে যায় এবং ১২ জুন উচ্চ আদালতে হাজির হয়ে অন্তর্বর্তিকালিন জামিনের আবেদন করলে উচ্চ আদালত ২০ জুন নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এদিকে আদালতের হাজতখানা থেকে মেয়র আবু সাঈদ তার বিরুদ্ধে ইউএনও’র আনিত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যম কর্মীদের জানান, ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে। আমি ৩১ মে ইউপি নির্বাচনে কাকিলাকুড়া যাইনি। তাছাড়া, ওই দিনের ঘটনায় প্রথম মামলায় আমাকে আসামী করা হয় নাই।