সেবা ডেস্ক:
যাকাতের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ কোরআন ও হাদিছ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহিদুল্লাহ পাটোয়ারী।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি অভিমত ব্যক্ত করেন।
সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কোরআন ও হাদিছ গবেষণা ফাউন্ডেশন।
মুফতি শহিদুল্লাহ বলেন, যাকাতের লক্ষ্য দারিদ্র্য সৃষ্টি নয় দারিদ্র্য দূর করা। ব্যবহার অনুপযোগী শাড়ি, লুঙ্গি দেওয়ার চেয়ে নগদ টাকায় যাকাত দেয়া উত্তম।
পাটোয়ারী বলেন, কোরআন মতে ৮ শ্রেণির লোককে অর্থে পুণবাসনের কথা বলা হয়েছে। ১.গরীব ২.এতিম মিসকিন ৩.যাকাত আদায়কারী ৪.যাদের চিত্ত আকর্ষন করা আবশ্যক ও মুসলিম ৫.গোলাম আজাদ করা ৬.ঝণগ্রস্থ ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা করা ৭.আল্লাহর রাস্তায় সৎকাজে ও মুসাফিরকে সাহায্যের জন্য বলা হয়েছে।
তিনি বলেন, মুসলিম ব্যক্তি নিছাব পরিমাণ সম্পদের পূর্ণ মালিক হলে এবং তার ওপর এক বছর সময় অতিবাহিত হলে তখন ঐ ব্যক্তির উপর ২.৫ শতাংশ হারে যাকাত ওয়াজিব। যাকাতের নেছাব হলো পারিবারিক খরচ মিটিয়ে হাজতে আছলিয়া বাদ দিয়ে যদি উদ্বৃত থাকে তাহলে ১ লাখ টাকায় ২.৫ হাজার টাকা যাকাত দিতে হয়। স্বর্ণ সাড়ে সাত ভরি বা তোলার উপরে হলে, রৌপ্য ৫২ তোলার ওপরে হলে যাকাত ওয়াজিব হয়। তবে বাজার মূল্য হিসেব করে যাকাত দিতে হবে। অপ্রাপ্ত বয়স্ক বালক বা বিকৃত মস্তিষ্কের ওপর যাকাত ওয়াজিব নয়।
তিনি আরো বলেন, যাকাতের অর্থের সঠিক বিলি বণ্টনের মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজের অসহায় শ্রেণি যাতে সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে এজন্য যাকাত হলো আল্লাহর প্রদত্ত বাধ্যতামূলক একটি ট্যাক্স। যাকাতের টাকায় সামাজিক বৈষম্য দূর করা সম্ভব যদি সঠিকভাবে যাকাতের টাকার ব্যবহার নিশ্চিত করা যায়।
সেমিনারে উপস্থিত ছিলেন- হামদর্দ ওয়াকফ্ বাংলাদেশ লিমিটেডের পরিচালক তথ্য মনসুর উল হক,রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ফখরুল ইসলাম, বঙ্গবন্ধু ওলামা পরিষদের সভাপতি মুফতি মো.শহীদ উল্লাহ,বাংলাদেশ কোরআন ও হাদিছ গবেষণা ফাউন্ডেশনের প্রধান কাযনির্বাহী সদস্য আলহাজ মো.মোবারক হোসেনসহ প্রমুখ।