বিশ্বব্যাপী সন্ত্রাস প্রতিরোধের আহ্বান খালেদার

Seba Hot News
150316163920_bd_khaleda_ziaসেবা ডেস্ক: 

 কম সময়ের ব্যবধানে ফ্রান্সে আবারো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী চলমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূলে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, এই ধরনের নির্মম ও পৈশাচিক হামলা এখনই প্রতিরোধ করতে না পারলে সারা বিশ্বই হুমকির মুখে পড়বে এবং মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের ছোবলে নিশ্চিহ্ন হয়ে যাবে।
ফ্রান্সে সন্ত্রাসীদের ট্রাক হামলার ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে এ কথা বলেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে অন্তত ৮০ জন মানুষকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করার নৃশংস ঘটনা ঘটে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এ ধরনের হামলাকারীরা কাপুরুষ, তারা অন্যের স্বাধীন কর্মকাণ্ডকে শ্রদ্ধা করে না। তাই তারা মানুষ হত্যার হিংস্র উল্লাসে মেতে ওঠে। এই হামলার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত।’
নৃশংস এই ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেত্রী।
তিনি বলেন, ‘ফ্রান্সে সংঘটিত এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় বাংলাদেশের জনগণ এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এই হৃদয়বিদারক ঘটনায় আমি ফ্রান্সের শোকাহত জনগণ ও সরকারকে সহমর্মিতা জ্ঞাপন করছি।’
ফ্রান্স সরকার এই দুঃসহ শোক কাটিয়ে উঠে অত্যন্ত সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খালেদা জিয়া।
বিএনপি প্রধান সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান