খুৎবা নিয়ে প্রশ্ন করায় পাটগ্রামে যুবক আটক

Seba Hot News
সেবা ডেস্ক:  
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকায় মসজিদের খুৎবা নিয়ে প্রশ্ন করায় আল মামুন মানু(২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

নবীনগর তাইয়্যেবা মসজিদের মুসল্লি বাউরা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আল মামুনকে থানা পুলিশ গ্রেফতার করেছে বলে পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার জুমার জামায়তে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রণীত খুৎবা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন মসজিদের ইমাম আমিনুর রহমান। এ সময় মসজিদের মুসল্লি আল মামুন দাঁড়িয়ে ইমামের কাছে জানতে চান, আমরা আপনার আলোচনার বিষয়টি পুরোপুরি বুঝলাম না, এ বিষয়টি কি আমরা আংশিক মানব, না পুরোপুরি মানব? তাৎক্ষণিক মসজিদের মুসল্লি সফিকুল ইসলাম আল মামুনের এই প্রশ্নের প্রতিবাদ করেন বলেন, কারো সমস্যা হচ্ছে না, তোমার সমস্যা কোথায়?

ঐ মসজিদের মুসল্লি আনারুল (৩৫), শহিদুল (৩০) বললেন, নামাজ শেষে মসজিদের বাহিরে আল মামুন ও শফিকুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরপরই পাটগ্রাম থানা পুলিশের ভ্যান এসে আল মামুনকে  নিয়ে যায়।

এ বিষয়ে মসজিদের ইমাম আমিনুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বক্তব্য দেয়ার সময় একজন মুসল্লি জানতে চেয়েছিলেন, আমরা কতটুকু মানব আপনার বক্তব্যের? এর প্রতি উত্তরে বলেছি, মানা না মানা আপনাদের কাছে। আমি শুধু জানালাম আপনাদেরকে। তিনি পাটগ্রাম থানা পুলিশের কাছেও একই  কথা বলেছেন বলে জানিয়েছেন। অভিযোগকারী শফিকুল ইসলাম আল মামুনের বিরদ্ধে থানায় অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

আল মামুনের ছোট ভাই আল আমিন জানান, ভাই কৌতূহলবশত মসজিদের ইমামের কাছে খুৎবা বিষয়ে জানতে চেয়েছিলেন মাত্র। কিন্তু বিষয়টি এতদূর গড়াবে আমরা ভাবতে পারিনি। পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) অবনি শংকর কর আল মামুনকে গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, আল মামুনের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। তাকে নাশকতার মামলায় অভিযুক্ত দেখিয়ে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এ বিষয়ে বলেছেন, ছোটখাট বিষয়ে কাউকে থানা পুলিশের হাতে তুলে দিলে সমস্যার সমাধান হয় না। এগুলো এলাকায় বসে সমাধান করা যায়। মসজিদের সভাপতি ঐদিন জুমার নামাজে অনুপস্থিত  ছিলেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরে অবস্থান করায় এ বিষয়ে তিনি কিছু বলেননি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান