সেবা ডেস্ক: রাজধানীর মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিদ্যার শেষ বর্ষের ছাত্রী আফসানা ফেরদৌসকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিন আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের আবেদনও নামঞ্জুর করেন। এর আগে গত ১২ অক্টোবর কাফরুল থানার উপ-পরিদর্শক হাফিজ আহমেদ তাদের গ্রেফতার দেখিয়ে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। ওই দিন আদালত শুনানির জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করেন।
আসামিরা হলেন- মশিউর রহমান, সিফাতুল হক সিফাত ও আশিকুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, মামলার ভিকটিম আফসানার সঙ্গে জনৈক রবিনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের এফিডেভিটমূলে বিয়ে হয়। বিয়ের পর আফসানা কাবিনের জন্য চাপ দিলে তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন রবিন। এছাড়া আসামি রবিন আফসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে রবিন বলেন, হয় আমার দাবি পূরণ করো, নয়তো গলায় দড়ি দিয়ে মরো।