স্বয়ংক্রিয় গাড়িতে বিনিয়োগ করার কথা স্বীকার করলো অ্যাপল

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত গাড়ি তৈরিতে বিনিয়োগের কথা স্বীকার করেছে টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেড। মার্কিন পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে লেখা চিঠিতে অ্যাপল থেকে বলা হয়, পরিবহনসহ বিভিন্ন খাতে স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহারের বিষয়ে তারা অত্যন্ত আগ্রহী।
 
চিঠিতে আরো বলা হয়, স্বয়ংক্রিয় যানবাহনের সামাজিক সুযোগ সুবিধাও অনেক বেশি। এর আগে স্বয়ংক্রিয় গাড়িতে অ্যাপলের বিনিয়োগের বিষয়ে অনেক গুজব ছড়িয়ে ছিল। ইতিমধ্যে অ্যাপল গাড়ি সম্পর্কিত বেশ কয়েকটি ইন্টারনেট ডোমেইন কিনেছে। অ্যাপল.কার, অ্যাপল.অটো নামের এসব ডোমেইন স্বয়ংক্রিয় গাড়ির গুজবে হাওয়া দিয়েছিল।
 
অ্যাপলের প্রোডাক্ট ইন্টেগ্রিটি বিষয়ক পরিচালক স্টিভ কেনারের লেখা ৫ পৃষ্ঠার সেই চিঠিতে বলা হয়, স্বয়ংক্রিয় গাড়ি টেস্ট ড্রাইভের নীতিমালা যেন বেশিমাত্রায় রক্ষণাত্মক না হয়ে ওঠে। স্বয়ংক্রিয় গাড়ি তৈরির বাজারে প্রতিদ্বন্দ্বীরা যেন টেস্ট ড্রাইভের সফলতা ও ব্যর্থতার বিষয়গুলো পরস্পরের মধ্যে আদান-প্রদান করে সে প্রস্তাবও রাখা হয়। এর মাধ্যমে স্বয়ংক্রিয় গাড়ি ভোক্তাদের জন্য আরো নিরাপদ করে তৈরি করা সম্ভব হবে বলে মনে করে অ্যাপল।   
 
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ২০২১ সালের মধ্যে রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ি নামানোর পরিকল্পনার কথা জানিয়েছে। ফোর্ডের পক্ষ থেকে বলা হয়, অ্যাপল স্বয়ংক্রিয় গাড়ি তৈরির চেষ্টা করছে সেই বিষয়টি মাথায় রেখেই তারা এই পরিকল্পনা গ্রহণ করেছিল। গুগল ইতিমধ্যে স্বয়ংক্রিয় গাড়ির টেস্ট ড্রাইভ পরিচালনা করেছে। গত অক্টোবরে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, এখন থেকে তারা যত গাড়ি নির্মাণ করবে তাতে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার হার্ডওয়্যার সংযুক্ত করা হবে। বিবিসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top