
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে টাকা চুরি নিয়ে দ্ব›েদ্ব দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুল্লাহ ওরফে দুলা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। ২৭ এপ্রিল সোমবার বিকালে উপজেলার ভায়াডাঙ্গা দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সম্প্রতি উপজেলার ভায়াডাঙ্গা দরিপাড়া গ্রামের বৃদ্ধ আব্দুল্লাহ ওরফে দুলার ঘর থেকে ২ লাখ টাকা চুরি হয়। এ নিয়ে ১০ থেকে ১২ দিন আগে গ্রাম্য শালিস হয়। এতে দুলার প্রতিবেশী মমতাজ মিয়া ওরফে টাকি (৪০)কে সন্দেহের এক পর্যায়ে সে স্বীকারোক্তি দেয়। পরে সে ওই টাকা ফেরত দিবে বলে শালিসে সাব্যস্ত হয়। আজ সোমবার বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে এ নিয়ে দুলার সাথে মমতাজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষে ৫ হতে ৬ জন করে দা. কুড়াল ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৮ জন আহত হয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় পথের মধ্যেই মারা যায় আব্দুল্লাহ। আহত হয় মৃতের ভাই আব্দুল কাদের (৬০), ছেলে নিয়ামতউল্লাহ (৪০) ও দিয়ানতউল্লাহ (৩৫)সহ ৪জন। অপরদিকে মমতাজ মিয়া ওরফে টাকিসহ তিন জন আহত হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া। তিনি জানান, গ্রাম্য শালিসে মমতাজ মিয়া ওই টাকা ফেরত দেয়ার কথা স্বীকার করেছে। আজ ওই টাকা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
দায়িত্বরত ডা.অমিয় জ্যোতি সাইফুল্লাহ জানান, আজ বিকাল ৩টার দিকে আব্দুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ জন্য তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এ সময় আরো ৭ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে আব্দুল কাদের ও মমতাজ মিয়ার অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িত অভিযোগে মমতাজ মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
