![]() |
| টঙ্গীতে ব্র্যাকের ‘গ্রিনপ্যাক’ কারখানার উদ্বোধন, তৈরি হবে পচনশীল প্যাকেজিং পণ্য |
টঙ্গীতে ব্র্যাকের ‘গ্রিনপ্যাক’ কারখানার উদ্বোধন, তৈরি হবে পচনশীল প্যাকেজিং পণ্য
পরিবেশবান্ধব ও টেকসই প্যাকেজিং শিল্পের বিকাশে নতুন এক অধ্যায়ের সূচনা করল ব্র্যাক এন্টারপ্রাইজেস। গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ব্র্যাক গ্রিনপ্যাক’ কারখানা। এই কারখানায় উৎপাদিত বায়োডিগ্রেডেবল বা পচনশীল প্যাকেজিং পণ্য ব্যবহারের পর মাত্র ছয় মাসের মধ্যে প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে মিশে যাবে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুরের টঙ্গীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কারখানার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।
কারখানাটির উৎপাদন সক্ষমতা সম্পর্কে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাক গ্রিনপ্যাক কারখানার বছরে ৩০০ থেকে ৩৫০ মেট্রিক টন পরিবেশবান্ধব প্যাকেজিং তৈরির সক্ষমতা রয়েছে। বর্তমানে কারখানাটিতে প্রতি মাসে ১২ থেকে ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর সমপরিমাণ প্রচলিত ক্ষতিকর প্লাস্টিক প্যাকেজিংয়ের ব্যবহার প্রতিস্থাপন করা সম্ভব হবে, যা দেশের পরিবেশে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে অনন্য ভূমিকা রাখবে।
উদ্বোধনী বক্তব্যে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “ব্র্যাক এন্টারপ্রাইজেস-এ আমরা বিশ্বাস করি, ব্যবসা শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যম নয়; এটি ইতিবাচক সামাজিক ও পরিবেশগত পরিবর্তনেরও শক্তিশালী চালিকাশক্তি। ব্র্যাক গ্রিনপ্যাক আমাদের সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল প্যাকেজিং সমাধানের মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে চাই।”
তিনি আরও বলেন, “ব্র্যাক গ্রিনপ্যাক শুধু একটি পণ্য উৎপাদন কারখানা নয়; এটি উদ্ভাবন, দায়িত্বশীল ব্যবসা এবং পরিবেশের প্রতি ব্র্যাকের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতীক। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ প্লাস্টিক দূষণ হ্রাস করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বৈশ্বিক প্লাস্টিক দূষণের ভয়াবহ চ্যালেঞ্জ তুলে ধরে বক্তারা জানান, বিশ্বে প্রতি বছর ৪০০ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি প্লাস্টিক উৎপাদিত হয়, যার প্রায় ৪০ শতাংশই ব্যবহৃত হয় প্যাকেজিং খাতে। প্রচলিত ওয়ান টাইম প্লাস্টিক যেখানে সম্পূর্ণভাবে পচে যেতে ২০০ থেকে ৫০০ বছর সময় নেয়, সেখানে ব্র্যাক গ্রিনপ্যাকের তৈরি পণ্য মাত্র ছয় মাসের মধ্যে প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যায়। ফলে এটি পরিবেশের জন্য একটি কার্যকর ও টেকসই বিকল্প।
কারখানাটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাব্বির আহমেদ এবং ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানসহ পরিবেশ ও শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।