চাকরির নামে প্রতারণা: বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুতরা চক্রটির সদস্য

Seba Hot News
সেবা ডেস্ক:  সেনাবাহিনীর বিভিন্ন বেসামরিক স্থায়ী পদে চাকরির প্রলোভন দেখিয়ে ১৩ জনের কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আর এ প্রতারক চক্রের নেতৃত্বে রয়েছে বিভিন্ন বাহিনী থেকে চাকুরিচ্যুত সদস্যরা।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব-১) এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চাকরির নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। চাকরির প্রলোভন দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে গ্রামের সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। চক্রটি ইতিমধ্যে চাকরি দেওয়ার কথা বলে ১৩ জনের কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে।
র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, প্রতারণার প্রথম ধাপে এ চক্রের সদস্যরা মানুষকে চাকরি দেওয়ার কথা বলে গ্রাম থেকে ঢাকা নিয়ে আসে। এরপর মেডিকেল চেকআপ করার কথা বলে তাদের কাছ থেকে ২০ হাজার করে টাকা নেয়। প্রার্থীদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ঢাকা সিএমএইচ ও তার আশপাশের এলাকায় বিভিন্ন স্থাপনার বাথরুমসহ গোপন স্থানে ভুয়া মেডিকেল চেকআপ করে।
ঢাকা সিএমএইচ একটি সংরক্ষিত এলাকা। এখানে কিভাবে এ প্রতারক চক্র প্রবেশ করে এ ধরনের প্রতারণা করছে- এমন প্রশ্নের জবাবে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় অনেক বেসামরিক লোক বসবাস করেন। চক্রটি কী কৌশলে ওই এলাকায় প্রবেশ করতো সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।
এ চক্রের সঙ্গে বিভিন্ন বাহিনীতে চাকরিরত কোনো বাহিনীর কর্মকর্তা জড়িত রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৯টি ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।
আটক ৬ প্রতারক হলেন- মামুন আকন্দ (২৩), আবুল কাসেম (৫২), আব্দুর রাজ্জাক (৫৭), তারেক হাসান (৫৩), নাসির উদ্দিন (৪৬) ও রাশেদুল মজিদ (৩২)।
এদের মধ্যে আবুল কাসেম ও নাসির উদ্দিন সেনাবাহিনী ও তারেক হাসান পুলিশ বাহিনী থেকে চাকুরিচ্যুত। আর পলাতক আসামি দিদার বিজিবি, রফিকুল ও তরিকুল সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত।
পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে। আটক ৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, জানান র‌্যাব-১ এর অধিনায়ক।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান