সেবা ডেস্ক: মালয়েশিয়ায় অপহরণের শিকার ৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ সদস্যরা। এ সময় তাদের আটক রাখার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।
কুয়ালালামপুরের কাছে চেরাসের তামান পুতেরি থেকে বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টামইস অনলাইন এ তথ্য প্রকাশ করে।
পুলিশের সহকারী কমিশনার মেগাত মোহাম্মদ আমিন উদ্দিন জানান, এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে তার স্বজনরা মামলা করেছিলেন। এরই সূত্র ধরে তারা ওই বাংলাদেশিকে উদ্ধার করতে তামান পুতেরিতে অভিযান চালিয়েছিলেন। পরে সেখান থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। জিম্মিদের দেখভালের জন্য তাদের ১ হাজার ৫০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হয়েছে। গ্রেফতারদের মধ্যে দুই কিশোরী রয়েছে, যাদের মধ্যে একজন ওই সন্দেহভাজন অপহরণকারীর মেয়ে। তবে পুলিশ ওই প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, সন্দেহভাজন ওই অপহরণকারী নিজেকে চাকরিদাতার এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। চাকরির প্রলোভন দেখিয়ে তিনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেন। মালয়েশিয়ায় আসার পর তিনি তাদের একটি বাড়িতে আটকে রাখতেন। পরে জিম্মিদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করতেন।
মেগাত মোহাম্মদ আমিন উদ্দিন আরও জানান, জিম্মিদের মধ্যে একজনের মায়ের কাছে ফোন করে ২১ হাজার ৫০০ রিংগিত মুক্তিপণ আদায় করেছিলেন ওই অপহরণকারী। কিন্তু অর্থ হাতে পাওয়ার পরও তিনি তার প্রতিশ্রুতি রাখেননি। পরে তিনি আরও ১৬ হাজার রিংগিত দাবি করেন। কয়েক দিন আগে ওই নারী বাংলাদেশে মামলা দায়ের করেন।