আসলামের আগে জয়ের সঙ্গে বৈঠক হয়েছে : সাফাদি

Seba Hot News
Safadi--Joyসেবা ডেস্ক: 

রাষ্ট্রদ্রোহিতা মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দিল্লিতে দেখা হওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বলে জানিয়েছেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি। গত বছর তাদের মধ্যে এ সাক্ষাৎ হয় বলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফাদি এ কথা বলেন। শুক্রবার বিবিসি বাংলা এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে মেন্দি এন সাফাদি বিবিসিকে জানান, রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দিল্লিতে দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সজিব ওয়াজেদ জয়ের দফতরে দুজনের কথাবার্তা হয়।
তবে তার এই দাবির ব্যাপারে জয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
সাফাদির সঙ্গে সাক্ষাতের সূত্র ধরে বাংলাদেশের পুলিশ সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে।
আসলাম চৌধুরী ভারতে গিয়ে সাফাদির সঙ্গে বৈঠক করেছেন এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশের কয়েকদিন পর গত ১৫ মে তাকে ঢাকা থেকে আটক করা হয়।
ইসরায়েলের ওই নেতাকে দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলেও এসব খবরে উল্লেখ করা হয়।
ওই আটকের পর মেন্দি এন সাফাদি বিবিসিকে জানিয়েছিলেন, ভারতে আসলাম চৌধুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল ঠিকই, তবে তাদের মধ্যে কোনো গোপন বিষয় নিয়ে কথা হয়নি।
তবে বাংলাদেশের পুলিশের পক্ষে থেকে দাবি করা হয়েছে, আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ রয়েছে।
সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পটভূমি ব্যাখ্যা করে মেন্দি এন সাফাদি জানান, চার-পাঁচ মাস আগে তিনি যখন শেষবার ওয়াশিংটন ডিসিতে যান, সে সময় একজন আমেরিকান বন্ধু দু’জনের মধ্যে বৈঠকটির আয়োজন করেন।
ওই বন্ধু তাকে জানান, যার সঙ্গে দেখা হবে তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর সাফাদি ওয়াশিংটন ডিসিতে সজীব ওয়াজেদের অফিসে যান।
সাক্ষাতের শুরুতে সজীব ওয়াজেদ তাকে বলেন, তিনি বাংলাদেশে একজন উচ্চপদস্থ ব্যক্তি।
কিন্তু সজীব ওয়াজেদ যে প্রধানমন্ত্রীর পুত্র, তখনো তা সাফাদি জানতেন না।
সাফাদি আরও জানান, বৈঠকে সজীব ওয়াজেদই মূলত কথা বলেন। তিনি শুধু শোনেন। এ সময় জয় তার কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে, বাংলাদেশের সরকার কত ভালো কাজ করছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কতটা ভালো।
সাফাদি দাবি করেন, সারা বিশ্বে তার ব্যক্তিগত যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করে জয় সরকারের পক্ষে সমর্থন বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
তখন তিনি বলেন, জয়ের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না।
তিনি তাকে বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যমে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের হত্যার খবর দেখতে পাচ্ছেন।
তখন জয় তাকে বোঝানোর চেষ্টা করেন যে, এ খবরগুলো ভুল।
সব মিলিয়ে বৈঠকটির স্থায়িত্ব ১৫ থেকে ১৬ মিনিটের বেশি ছিল না বলে সাফাদি বিবিসিকে জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান