সেবা ডেস্ক: শুক্রবার থেকে শুটিং শুরু হতে যাচ্ছে মফিজুল ইসলাম মফিজ পরিচালিত ‘অন্ধকার নগরী’। আব্দুল খালেক প্রযোজিত এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন কমল সরকার। সহকারি প্রযোজক হিসেবে আছেন এন আই পালোয়ান। ছবিতে দুই নায়ক ও দুই নায়িকাকে দেখা যাবে। জানা যায়, শুক্রবার এফডিসিতে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুটিং শুরু হবে। নিরবের বিপরীতে এ ছবিতে অভিনয় করবেন মৌমিতা মৌ, অপরদিকে স্বাধীনের বিপরীতে থাকছেন বিন্দিয়া কবির। এ ছাড়া মিশা সওদাগর, কাজী হায়াৎ, সুব্রত, রেহানা জলি, রেবেকাসহ আরও অনেকে অভিনয় করবেন। ছবির নৃত্য পরিচালনায় থাকছেন নুহুরাজ এবং এন ইউ রুমি। সম্প্রতি মুক্তি পাওয়া নিরব অভিনীত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি বেশ আলোচিত হয়েছে। টার্গেটসহ বেশকিছু ছবি নিয়ে শিগগিরিই পর্দায় হাজির হবেন নিরব।আর নবাগত স্বাধীন এর আগে অভিনয় করেছেন ‘বাংলার ফাটাকেস্ট’ ও ‘আমি কেন সন্ত্রাসী’ ছবিতে। এ ছবি দুটি শিগগিরই মুক্তি পাবে।