সেবা ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার হলেই পাকিস্তান যে ভাষায় প্রতিবাদ করে, খালেদা জিয়াও সেই একই ভাষায় কথা বলেন। খালেদা জিয়া পাকিস্তানের মুখপত্র হিসেবে কাজ করছেন।
সাতক্ষীরা সার্কিট হাউসে রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাথে এক মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।
আমির হোসেন আমু আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে নতুন করে পাকিস্তান সৃষ্টির ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। জাতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে বলেই কোনো ষড়যন্ত্র সফল হচ্ছে না।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সংসদ সদস্য জগলুল হায়দার, সংসদ সদস্য রিফাত আমিন প্রমুখ।
এরপর শিল্পমন্ত্রী সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুল্কমুক্ত বিপণিশপ বেলাজিও এর উদ্বোধন করেন।