সেবা ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী মিছিলে চোরাগোপ্তা হামলায় একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার শেষ প্রচারণায় মুন্সিরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আলম মোল্লার আনারস মার্কার সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি মুন্সিরহাট বাজারে প্রবেশ করলে অজ্ঞাত স্থান থেকে দুস্কৃতকারীরা মিছিলকারীদের ওপর ইট-পাটকেল ও গুলি ছুঁড়তে থাকে। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ বাংপাই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আলম ও ইটপাটকেলের আঘাতে আহত বিষবাগ গ্রামের দুধু মিয়ার ছেলে জাকির হোসেনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মো. রাসেল খান জানান, আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ বলে ধারণা করা হচ্ছে।
চৌদ্দগ্রাম থানার এসআই শংকর মজুমদার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।