ইলিশের স্বাদ মেটাবে মিল্কফিশ!

Seba Hot News

সেবা ডেস্ক:  দুধের স্বাদ ঘোলে মেটানোর প্রবাদটা সবারই জানা। তবে ইলিশের স্বাদ যে সত্যিই অন্য মাছে মেটানো সম্ভব তা হয়তো অনেকেই জানেন না। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ড ও ফ্রেজারগঞ্জে শুরু হল এই চ্যানস চ্যানস মাছের চাষ। ফিলিপাইনের এই মাছ বড় হলে নাকি টেক্কা দেবে বাঙালির ইলিশকে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ইলিশ যেভাবে দিনদিন নাগালের বাইরে চলে যাচ্ছে তাতে নিঃসন্দেহে নতুন করে আশার আলো এই চ্যানস চ্যানস মাছের চাষ। যার ভালো নাম ‘মিল্কফিশ’। এটি ফিলিপাইনের জাতীয় মাছ। দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ডের পুকুরে মোট ৩২ হাজার মিল্কফিশের পোনা ছাড়া হয়েছে।

দিল্লির সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে চ্যানস চ্যানসের পোনা বিমানে করে কলকাতায় আনা হয়। ভারতীয় মৎস উন্নয়ন বিভাগের কর্মকর্তা বিজন রায়ের দাবি, চ্যানস চ্যানস বা মিল্কফিশ বড় হলে ৫-৬ কেজি ওজনের হয়। আর পাঁচটা সুস্বাদু মাছের মতো এতেও কাঁটা থাকে। এগুলি লম্বায় এক মিটারের বেশি হয় না।

মিল্কফিশের জন্ম মূলত প্রশান্ত মহাসাগরের নোনা পানিতে। মিষ্টি পানিতেও এরা স্বাচ্ছন্দে বেড়ে ওঠে। ইলিশের মতো এই মাছও ঝাঁক বেঁধে ঘোরে। ডিম পাড়ার সময় দল বেঁধে মোহনার দিকে উঠে আসে মিষ্টি পানির সন্ধানে।

অনেকের দাবি, এই মাছ বড় হলে তা বাঙালির ইলিশের প্রতি জনপ্রিয়তায় থাবা বসাবে। কলকাতার বাজারে ৪০০ টাকা কেজি দরে পাওয়া যাবে মিল্কফিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান