সেবা ডেস্ক: তুরস্কের ‘বোজকার্টলার’ নামের একটি হ্যাকার দল বাংলাদেশের তিনটি বাণিজ্যিক ব্যাংকের ডেটা চুরি করেছে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট। এ সম্পর্কে বিশ্লেষকরা তথ্য যাচাই বাছাই করছেন।
‘ডেটাব্রিচটুডে’ নামের ওই ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোজকার্টলার’ নামের ওই হ্যাকার গ্রুপ নেপালেরও দুটি ব্যাংকের ডেটা চুরি করেছে। সব ডেটাই তারা অনলাইনে প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের ব্যাংকগুলো হলো ডাচ-বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক।
এছাড়া নেপালের কাঠমাণ্ডুভিত্তিক বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সানিমা ব্যাংকের তথ্য চুরির কথা বলা হচ্ছে ‘ডেটাব্রিচটুডে’র প্রতিবেদনে।
‘ডেটাব্রিচটুডে’ বলছে, তথ্য চুরির বিষয়ে তারা ওই পাঁচ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেও ব্যাংকগুলো কোনো প্রতিক্রিয়া দেয়নি।তবে ‘ডাটা ব্রিচ টুডে’ এর প্রতিবেদনে চুরি হওয়া ডাটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।
ডাচ বাংলা ব্যাংকের ৩১২ কেবি আর্কাইভের ডাটায় গ্রাহকের ব্যাংকিং লেনদেনের রেকর্ড রয়েছে। এগুলো সরাসরি গ্রাহকের ইন্টারনেট ব্যাংকিংয়ের ডাটা। বিশ্লেষকরা বলছে, এর মধ্যে কিছু ফাইলে কর্তৃপক্ষের ব্যবহৃত ডাটা সম্পর্কে পরিস্কারভাবেই তথ্য দেয়া হয়েছে।
বোজকার্টলারের ওপর নজর রাখা সাইবার নিরাপত্তা বিষয়ক এক গবেষক জানিয়েছেন, এসব তথ্য ব্যবহার করে পাবলিক ইন্টারনেট থেকে ব্যাংকের এটিএম ট্রানজেকশন সিস্টেমে ঢুকেছিলেন তিনি। ওইসব ইউজার নেইম ও পাসওয়ার্ড খুবই সহজ বা ডিফল্ট ছিল বলে উল্লেখ করেন তিনি। ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইট বেশ দুর্বল যার কারণে ইন্টারনেট সার্ভার বা ফাইলে অনুপ্রবেশের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
এদিকে, ট্রাস্ট ব্যাংকের মাত্র ৯৬ কেবি ডেটার মধ্যে দুটি স্প্রেডশিট রয়েছে। এছাড়া আরো যেসব তথ্য রয়েছে সেগুলো হল ব্যবহারকারী আইডি, ইমেইল, নাম এবং কোডিংয়ের আওতায় থাকা কিছু পাসওয়ার্ড। তবে চুরি হওয়ার ডাটার ফাইলগুলো ২০১৫ সালের জুন মাস থেকে সংগৃহীত।
এছাড়া, সিটি ব্যাংকের ১১ দশমিক ২ এমবি ডেটায় একটি মাত্র স্প্রেডশিট রয়েছে। এতে কমপক্ষে ১ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য রয়েছে। ওই ফাইলে ব্যবহারকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, বয়স, মেইল, নাম্বার, স্থায়ী ঠিকানা, এবং ইমেইল সংক্রান্ত তথ্য রয়েছে। এসব তথ্য ২০১৫ সালের ১৫ আগস্টের।