সেবা ডেস্কপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনসংখ্যা সঙ্কট নয়, সম্পদ। এই সম্পদকে জনসম্পদে রূপান্তর করতে হবে। অনেকেই আমাদের জনসংখ্যা অনেক বেশি বলে মনে করেন। কিন্তু আমি মনে করি, এ বিশাল জনগোষ্ঠী আমাদের সম্পদ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (১২ মে) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২১তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এ জনসম্পদ পৃথিবীর বেশিরভাগ দেশেই নেই। এ সম্পদকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। শিক্ষিত ও দক্ষ-যোগ্য করে তুলে এ দেশের মানুষকে জনসম্পদে পরিণত করব।
তিনি বলেন, অন্য দেশগুলো আমাদের মতো এত তরুণ মানুষের সম্পদের অধিকারী নয়। সেসব বৃদ্ধদের দেশ হয়ে গেছে। আমরা সেসব দেশের উন্নয়নে লোক দেই। আমাদের দেশ ওই সঙ্কটে পড়ুক এটা আমরা চাই না।
শেখ হাসিনা বলেন, সরকারের ২ বছর ৫ মাস চলে গেছে, বাকি সময়ের মধ্যেই সব উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চাই। যেন ভবিষ্যতে এগুলো নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।
প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের জনগণের টাকার সঠিক ব্যবহার করতে চাই। আপনারা প্রকৌশলীরা খেয়াল রাখবেন কোথায় কোন প্রকল্প লাগবে, কতটুকু লাগবে। এটা চিন্তা করলে হবে না প্রকল্প হাতে নিলেই তো পয়সা বা কমিশন। দেশের উন্নয়নের কথা মাথায় রেখে প্রকল্প হাতে নিতে হবে।