মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা থেকে : অবশেষে মা-বাবার সান্নিধ্যে মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৩১ মে) রাত ১১ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের তেতুঁলিয়া গ্রামের নিজের বাড়িতে এসে পৌঁছান ক্রিকেটের এ বিস্ময় বালক। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে প্রায় দুই মাস ভারতে অবস্থান করেন মুস্তাফিজকে। আর দুই মাস পর নিজের জন্মভূমি সাতক্ষীরার গ্রামের বাড়িতে পা রাখলেন মুস্তাফিজ।
মঙ্গলবার রাত ১১ টায় মুস্তাফিজ যখন বাড়িতে ফেরেন তখন আশপাশের বাড়িগুলোতে যেন আনন্দ ছড়িয়ে পড়ে। তাকে দেখার জন্য ছুটে এসেছেন অনেকেই। বীরের বেশে ফেরা মুস্তাফিজকে কাছ থেকে দেখতে পেয়ে উল্লসিত হন তারা।
গ্রামের বাড়িতে পা রেখেই প্রথমে মুস্তাফিজুর রহমান প্রথমেই সাক্ষাৎ করেন মা মাহমুদা খাতুনের সঙ্গে। এতোদিন পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। তবে সারাদিনের ক্লান্তি আর অবসাদে কুশল বিনিময় ছাড়া তেমন কোন কথা হয়নি মা-ছেলের।
যশোর এয়ারপোর্টে বাবার সঙ্গে আগেই সাক্ষাৎ হয়েছে। বীরের বেশে ফেরা ছেলেকে বাড়িতে আনতে যশোর এয়ারপোর্টে অপেক্ষায় ছিলেন মুস্তাফিজের বাবা আবুল কাশেম। এছাড়া আরও ছিলেন মুস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু, খালু আনিসুর রহমানসহ মুস্তাফিজের বন্ধুরা। মঙ্গলবার বিকালে তারা কালিগঞ্জের তেতুঁলিয়া গ্রাম থেকে যশোর বিমান বন্দরে যান।
ঢাকা থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭ টা ১৮ মিনিটে যশোর বিমান বন্দরে এসে পৌঁছান মুস্তাফিজ।
বিমান বন্দরে পৌঁছানোর পর ফুল দিয়ে মুস্তাফিজকে বরণ করে নেন তারা। রাত পৌনে ১০ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় খালু আনিসুর রহমানের বাড়িতে যান। এসময় তাকে একনজর দেখার জন্য জড়ো হন ভক্তরা। সেখানে খালুর পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর নিজের গ্রাম কালিগঞ্জের তেতুঁলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন মুস্তাফিজ। রাত ১১ টার দিকে বাড়িতে পৌঁছান তিনি।
এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, আইপিএলে ভাল পারফর্ম করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তা বাতিল করা হয়েছে। একই সাথে কোন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনার বিষয়টি আপাততঃ বন্ধ রাখা হয়েছে।
আইপিএল টুন্টার্মেন্ট শেষ হওয়ার পর সোমবার (৩০ মে) রাতে ইন্ডিয়া থেকে দেশে ফেরেন মুস্তাফিজ।