সেবা ডেস্ক: সরকারের সাড়া না পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসার সামনে অবস্থান নেওয়া প্রায় চার হাজার বেকার নার্সদের উপর লাঠিচার্জে শতাধিক নার্স আহত হবার পর তাদের নামেই মামলা করেছে পুলিশ। ধানমন্ডি থানার ওসি নূরে আজম আজ বুধবার রাত নয়টার দিকে ধানমণ্ডি থানায় মামলাটি করেন। তবে মামলায় ঠিক কতজনকে আসামি করা হয়েছে তা জানা যায়নি। আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসার সামনে অবস্থান নেওয়া প্রায় চার হাজার বেকার নার্সদের উপর লঠিচার্জ করে পুলিশ। এসময় তিন মাসের অন্তঃসত্ত্বা সালমা আক্তারের পেটে পুলিশ লাথি দিলে ওখানেই তার গর্ভপাত হয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদেরকে ধানমন্ডির কয়েকটি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া আরও অন্তত ত্রিশজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ডাকের আশায় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রখর রোদে বসে থেকে আশাশূন্য হয়ে ফিরে আসে নার্সরা। আহত নার্স লক্ষ্ণীরাণী, মমতাজ বেগম, লাভলী, সুমনা ইয়াসমিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থানের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসার সামনে অবস্থান নেই আমরা। কিন্তু বিনা কারণে আমাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সরকার বার বার আশ্বাস দিয়েও তাদের দাবি না মেনে নার্সদের উপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

