জঙ্গি প্রসঙ্গে নীরব থাকলে ইতিহাস ক্ষমা করবে না: শামসুজ্জামান খান

Seba Hot News
sm20dsdsfসেবা ডেস্ক: 
 জঙ্গি-সন্ত্রাসীদের রুখতে সমাজের সর্বস্তরে যে গণজাগরণ হচ্ছে তাতে সাহিত্য-সংস্কৃতিকর্মীরা অংশ না নিয়ে নীরব থাকলে ইতিহাস ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
শনিবার চট্টগ্রাম সফরকালে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ভাষা আন্দোলন, দাঙ্গা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, যুদ্ধবিগ্রহ থেকে শুরু করে রাজাকারবিরোধী জনমত গড়তে অতীতে সাহিত্য-সংস্কৃতিকর্মীরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন জানিয়ে খ্যাতিমান এ মনীষা বলেন, ‘আমাদের গণসংগীত, ছড়া, কবিতা, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে সাহিত্য-সংস্কৃতির এমন কোনো জগত নেই যেখান থেকে অন্যায়ের, শোষণের প্রতিবাদ হয়নি। ভাষা-আন্দোলন আর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করতে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কাজ করেছেন আমাদের সৃজন ও মননশীল লেখক-শিল্পীরা।’
বর্তমানে ধর্মের নামে অধর্মের কাজ যারা করছে তাদের প্রতিহত করার তাগিদ দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সর্বশক্তি নিয়ে সাহিত্য-সংস্কৃতিকর্মীদের কাজ করতে হবে। এটি সামাজিক দায়িত্ব। মানবিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের চুল পরিমাণ ত্রুটি হলে একটা সময় আসবে ধিকৃত হবে। আমাদের কবি, সাহিত্যিক, শিল্পীসহ সবাইকে রেখা, লেখা আর কথায় জঙ্গিবাদের মুখোশ উন্মোচন করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। দেশবাসীকে সাহস জোগাতে হবে। রক্তে শিহরণ জাগাতে হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তসহ সবার জীবন ও কর্মের দিকে তাকালে দেখি তারা যুদ্ধ-বিগ্রহ, অন্যায়-অবিচার, সাম্প্রদায়িকতা, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে শুধু লিখেই যাননি, সামাজিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন। নজরুল তো কারাবরণ, অনশন পর্যন্ত করেছিলেন। তারই ধারাবাহিকতা ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, পঁচাত্তর এমনকি স্বৈরাচারবিরোধী আন্দোলনেও বজায় ছিল। গুলশান বা শোলাকিয়ার হামলার পর আমাদের অনেক কবি-সাহিত্যিক-শিল্পীদের মধ্যে একধরনের রহস্যজনক অবসন্নতা লক্ষ করছি। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজ নিজ অবস্থান থেকে নির্মম-নিষ্ঠুর জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান