
সেবা ডেস্ক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে হবে।
কৃষকরা যদি সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন করে তাহলে তাদের উৎপাদন খরচ অনেক কমে আসবে।
উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষি যন্ত্রপাতিতে অর্ধেক ভর্তুকি দিচ্ছে। যেকোনো কৃষক অর্ধেক দামে যন্ত্রপাতি কিনে কৃষিকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই সারের দাম কমিয়েছেন। সে সময় দেশে যে উৎপাদন হতো এখন তার চেয়ে অনেক বেশি উৎপাদন হচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ।
সোমবার (১৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১/ ২০১৯-২০ মৌসুমে উফশী আউশ ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। টাঙ্গাইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আনছারী।
বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমএম মোবারক আলী, কৃষক ইব্রাহিম খলিল প্রমুখ। প্রায় ৬০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।