
সেবা ডেস্ক: আসন্ন ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশজ উৎপাদনে (জিডিপি) যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। করোনার কারণে জুম এর মাধ্যমে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। যেখানে জিডিপির প্রবৃদ্ধি লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ৮ দশমিক ২ শতাংশ।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অসঙ্গতি থাকলেও তা বাস্তবায়নযোগ্য বলে আমি মনে করি। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ। অর্জন হয়েছে তার চেয়ে বেশি। আশা করি এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হব।
মহামারি করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম রাখা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।