![]() |
| ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা অনুষ্ঠানে বক্তারা |
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন।
অন্যদিকে, স্থানীয় তরুণদের প্রতি তিনজনের দুজন জানিয়েছেন, এই সংকট তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত করেছে। তবে উভয় জনগোষ্ঠীর তরুণরাই মনে করছেন প্রত্যাবাসনের জন্য সহায়তা কমানো বা চাপ সৃষ্টি নয়; বরং মিয়ানমারের নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা (Rohingya Crisis at Year Ten and Beyond: Rethinking the Response)’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে এসব তথ্য ও মতামত তুলে ধরা হয়।
বক্তারা বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়েই জীবিকার সংকটে রয়েছে এবং এই বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সমস্যা সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত নিতে বিলম্ব করার সুযোগ নেই এবং সংকট মোকাবিলায় সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের চিত্র
ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ পরিচালিত ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচালে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক দুটি গবেষণার তথ্য তুলে ধরেন ব্র্যাকের পলিসি অ্যানালিস্ট তারিকুল ইসলাম।
২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার ও দলীয় আলোচনার ভিত্তিতে গবেষণা দুটি করা হয়; যার মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন আশ্রয়শিবিরসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য।
গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। তরুণীদের ক্ষেত্রে এই হার ৮৪ দশমিক ৫ শতাংশ, যেখানে তরুণদের ক্ষেত্রে ১৪ শতাংশ।
বর্তমানে মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ পড়াশোনা করছেন এবং ৩৮ দশমিক ৪ শতাংশ জীবিকার কাজে যুক্ত।
কর্মরত তরুণদের বড় অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত এবং মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান।
প্রকল্প শেষ হলে কাজও বন্ধ হয়ে যায়, ফলে আয়ের উৎস অনিশ্চিত থেকে যায় এবং মৌলিক চাহিদা পূরণে ঘাটতি দেখা দেয়।
আরও পড়ুন:
- জামালপুরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন: লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১, জবানবন্দি
- গোলমরিচ কি স্বাস্থ্যের জন্য উপকারী? জেনে নিন এর ৭ গোপন উপকারিতা
- মুখে দিলেই মিলিয়ে যাবে! বাড়িতেই বানান নরম তুলতুলে মতিচুরের লাড্ডু
- মসৃণ ও ফ্রিজ-মুক্ত চুলের জন্য সেরা ১১টি Leave-In Conditioner
- সোনালী লেহেঙ্গায় জমকালো লুকে Shanaya Kapoor
গবেষণায় আয়ের সঙ্গে প্রত্যাবাসনের আগ্রহের সম্পর্কও উঠে এসেছে। যেসব রোহিঙ্গা তরুণের কিছুটা আয় রয়েছে, তাঁদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে চান; আয়হীনদের ক্ষেত্রে এই হার ৫৩ দশমিক ৪ শতাংশ।
সার্বিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান।
নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে এই হার দাঁড়ায় ৮২ দশমিক ৬ শতাংশে; কিন্তু নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দেওয়া হলে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।
এ ছাড়া আশ্রয়শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমানো হলে ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ সেখানেই থেকে যেতে চান, আর নিরাপত্তার অবনতি ও মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতে ২৭ দশমিক ৮ শতাংশ অন্য কোথাও যাওয়ার কথা ভাবেন।
বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণদের ৬৭ দশমিক ৮ শতাংশ সেখানেই থাকার কথা ভাবেন এবং মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে আগ্রহী।
স্থানীয় তরুণদের জীবিকা ও দৃষ্টিভঙ্গি
গবেষণা অনুযায়ী, স্থানীয় তরুণদের ৬৬ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮৫ দশমিক ৮ শতাংশের মতে কাজ খুঁজে পাওয়া কঠিন হয়েছে, ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে এবং ৩৬ দশমিক ৪ শতাংশ কাজ হারিয়েছেন।
টেকনাফে জীবিকায় ক্ষতির কথা বলেছেন ৭১ দশমিক ৬ শতাংশ তরুণ এবং উখিয়ায় ৬০ দশমিক ১ শতাংশ।
শিক্ষায় এগিয়ে থাকলেও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছেন স্থানীয় তরুণীরা। তাঁদের ৫৩ দশমিক ৯ শতাংশ মাধ্যমিক বা তার বেশি শিক্ষা সম্পন্ন করেছেন, যেখানে তরুণদের ক্ষেত্রে এই হার ৪১ দশমিক ৪ শতাংশ।
অথচ আয়মূলক কাজে যুক্ত তরুণীর হার মাত্র ২০ দশমিক ৮ শতাংশ, বিপরীতে তরুণদের হার ৭০ দশমিক ২ শতাংশ। গড়ে পুরুষেরা নারীদের তুলনায় ৪ দশমিক ৩ গুণ বেশি আয় করেন।
সামাজিক রীতিনীতি, পরিবারের অনুমতি, অনিরাপদ যাতায়াত, গৃহস্থালির দায়িত্ব ও কম মজুরি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ৭২ দশমিক ২ শতাংশ স্থানীয় তরুণ এবং ৫৭ দশমিক ৩ শতাংশের মতে, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মধ্যেও মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন।
অন্যদিকে, ৯৫ দশমিক ৫ শতাংশ স্থানীয় তরুণ চান সরকার তাঁদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক—যার মধ্যে সরকারি ও এনজিওর চাকরিতে স্থানীয়দের নিয়োগ, আশ্রয়শিবিরের কাজে অগ্রাধিকার, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কৃষি, মৎস্য ও হস্তশিল্প খাতে সহায়তা রয়েছে।
প্রত্যাবাসন প্রসঙ্গে রোহিঙ্গা তরুণদের ৭৬ দশমিক ৭ শতাংশ শর্ত পূরণে ফিরতে চাইলেও স্থানীয় তরুণদের মাত্র ৩৯ দশমিক ৮ শতাংশ মনে করেন শর্ত পূরণ হলে রোহিঙ্গারা ফিরে যাবেন; এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৭১ দশমিক ৭ শতাংশ স্থানীয় তরুণ।
স্থানীয় তরুণদের মতে, মিয়ানমারে নাগরিকত্ব, পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলেই প্রত্যাবাসন সম্ভব; সহায়তা কমালে বা আশ্রয়শিবিরের নিরাপত্তার অবনতি হলে রোহিঙ্গারা ফিরবেন বলে মনে করেন যথাক্রমে মাত্র ৯ দশমিক ২ ও ৫ শতাংশ তরুণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই।
এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘ হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
![]() |
| ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ |
স্বাগত বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, শিগগিরই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম থাকায় এই অপেক্ষার বছরগুলো তাঁদের বাংলাদেশেই কাটাতে হবে। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা ও দক্ষতার উন্নয়নকে একীভূত হওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরার প্রস্তুতি হিসেবে দেখা উচিত।
তিনি সতর্ক করেন, সুস্পষ্ট নীতিমালা না থাকলে রোহিঙ্গা ও স্থানীয় উভয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে এবং দীর্ঘ সংকটের অর্থনৈতিক চাপ স্থানীয় জনগোষ্ঠীর ওপর পড়া ঠেকাতে সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।
![]() |
| ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন |
বিশেষ অতিথি UNHCR Country Representative Ivo Freisen বলেন, নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসনের বিষয়টি এখনো অনিশ্চিত থাকায় সংকট বাড়ছে।
এ অবস্থায় আরও টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নীতিমালায় পরিবর্তন, আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতার পাশাপাশি মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি।
![]() |
| ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক |
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী Carol Flor-Smerezniak বলেন, উদ্যোগ শুধু জরুরি মানবিক সহায়তায় সীমাবদ্ধ না রেখে শরণার্থী ও স্থানীয় উভয়ের দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় নিতে হবে।
তিনি রোহিঙ্গাদের জন্য নিয়মিত মানবিক সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করা, কক্সবাজারে স্থানীয়দের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিনিয়োগের পাশাপাশি স্থায়ী সমাধান এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্ব দেন।
অনলাইনে যুক্ত হয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে পালিয়ে এসেছেন; তাই তাঁদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখা উচিত নয় এবং নিজেদের মধ্যে সংগঠিত হয়ে ভবিষ্যৎ নির্ধারণে মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্য তুলে ধরে বলেন, নিরাপদ, স্বেচ্ছায়, সম্মানের সঙ্গে ও স্থায়ী প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান, যার জন্য ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা ও নিরাপত্তা-অধিকারের বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দরকার।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে তথ্য-প্রমাণভিত্তিক ধাপে ধাপে পরিকল্পনা ও বহু বছরের নিয়মিত অর্থায়নের কথা বলেন।
ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ও রোহিঙ্গা কর্মসূচির সমন্বয়ক সুহাইল কাসিম, ইভো ফ্রেইসেন, নির্ঝর অধিকারী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন এবং কক্সবাজারের বেসরকারি সংস্থা মুক্তির প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম।










খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।