বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শনিবার তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর চারু শিল্পী পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আর্টক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল জেলা চারুশিল্পী পরিষদের সদস্য সচিব চিত্রশিল্পী সমির কুমার বৈরাগী প্রমুখ।
নড়াইল জেলার ৪০জন চারুশিল্পী এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। এদিকে শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট থেকে সুলতান মঞ্চে চার দিনব্যাপী সুলতান উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চিত্র শিল্পীদের নিয়ে আর্টক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত-নৃত্যানুষ্ঠান, নাটক, ডুকুমেন্টারি ফ্লিম প্রদর্শনী এবং নড়াইলের চিত্রা নদীতে নারী ও পুরুষের নৌকা বাইচ প্রতিযোগিতা। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এবং এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করে।

