বিএনপি ধ্বংসের দ্বার প্রা্ন্তে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ও তার নেতাকমীদের ওপর অনেক জুলুম ও নির্যাতন হয়েছে। এক সময় বিএনপি ও তার দোসররা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আজ তারা নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে।’
আজ মঙ্গলবার বনানীনে নিজ কার্যালয়ে বরগুনার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। আজকের যোগদান তারই প্রমাণ। আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব জাতীয় পার্টিতে যোগদান করবে।’
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘যে দেশে মায়ের পেটের শিশু নিরাপদ নয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে? যেভাবে দেশে নারী ও শিশুকে নির্যাতন ও হত্যা করা হচ্ছে, তা কারও কাছে কাম্য হতে পারে না। জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’ দেশকে এ অবস্থা থেকে বাঁচাতে হলে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই বলেও দাবি করেন এরশাদ।
পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান এমপি, মো. আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, যুবনেতা মো. হানিফ হোসেন বাবু এ সময় উপস্থিত ছিলেন।
