অনৈতিকভাবে ব্যাবসা' করার অভিযোগে নেসলের বিরুদ্ধে মামলা করেছে ভারত সরকার। মামলায় কোম্পানিটিকে ১০ কোটি ডলার জরিমানা করার আবেদন জানিয়েছে সরকার। বুধবার এক সরকারি কর্মকর্তা মামলার সত্যতা বিবিসিকে নিশ্চিত করেছেন।
মামলায় ম্যাগি নুডলসের বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে ভোক্তাদের প্রতারণা এবং ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি আদালতে নথিভুক্ত না হলেও আধা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ন্যাশনাল কনজিউমার রিড্রেসাল কমিশন (এনসিডিআরসি) বিষয়টি তদন্ত করবে।
নতুন দিল্লিতে নেসলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কোম্পানি এনসিডিআরসি’র আনুষ্ঠানিক নোটিস পাওয়ার পর এ বিষয়ে তাদের অবস্থান জানাবেন। এর আগে দেশটির খাদ্য নিরাপত্তা আইন না মানায় নেসলের বিরুদ্ধে অভিযোগ আনে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এরপর দেশটিতে ম্যাগির বিক্রি বন্ধ করে দেয়া হয়।
সেসময় নেসলে তাদের পণ্য নিরাপদ বলে বোম্বে হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করেছিল। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৪শ’ টন ম্যাগি নুডলস ধ্বংস করেছে।

