আসন্ন কোরবানির ঈদে ঘর মুখো মানুষের জন্য আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাসের আগাম টিকিট বিক্রি। এ জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার থাকবে। বিক্রি চলবে সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত। অপর দিকে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর এবং ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১৫ সেপ্টেম্বর থেকে পাঁচদিন। বলা হয়েছে, কোন ভাবেই সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের এমডি রমেশ চন্দ্র ঘোষ জানান, আজ শুক্রবার থেকে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আন্তঃজেলা বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। দেয়া হবে ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের টিকিট।
তবে যে পরিবহনের গাড়ির সংখ্যা কম তারা হয়তো ঈদের দু’দিন আগে টিকিট বিক্রি করতে পারে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্যাহ বলেন, সমিতির পক্ষ থেকে পরিবহন মালিকদের জানিয়ে দেয়া হয়েছে, মোট টিকিটের ৫০ ভাগ বিক্রির জন্য। ঈদের আগে মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সে জন্য এই ব্যবস্থা। ঈদুল ফিতরের মতো কোরবানি ঈদেও সমিতির পক্ষ থেকে বিষয়টি মনিটরিং করা হবে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সোহাগ পরিবহনের এমডি ফারুক তালুকদার সোহেল বলেন, ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। ইতোমধ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিকিট বিক্রি, টার্মিনাল এলাকায় যানজট নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয় তদারকির জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, আগাম টিকিট পাওয়া যাবে বিআরটিসির বাসডিপো থেকে।
গত ৩ সেপ্টেম্বর রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক জানান, যাত্রীদের সুবিধার্থে এবারও ৫ জোড়া বিশেষ ট্রেন এবং ঈদের দিন দুই জোড়া সোলাকিয়াগামী বিশেষ ট্রেন চলবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।
হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম বলেন, আগাম টিকিট বিক্রি নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা করছেন এ বছর মহাসড়কে মানুষকে তেমন একটা ভোগান্তিতে পড়তে হবে না।

