ভাড়া বাড়ল সিএনজি চালিত গণপরিবহনের

S M Ashraful Azom
গ্যাসের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া পুনঃ নির্ধারণ করলো সরকার। সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ানো হয়েছে ১০ পয়সা। এছাড়া অটোরিকশার ক্ষেত্রে প্রথম দুই কিলোমিটারের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রামে নতুন এ ভাড়া কার্যকর হবে। তবে দূরপাল্লার পরিবহন ও সিএনজিতে চলে না এমন গণপরিবহনের ভাড়া বাড়ছে না। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। এদিকে এই বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, এতে মানুষের ভোগান্তি বাড়বে।
 
মন্ত্রী জানান, সর্বনিম্ন ভাড়া বাসের ৫ টাকা ও মিনিবাসের ৭ টাকা বহাল রাখা হয়েছে। তবে প্রতি কিলোমিটারের বাসভাড়া এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা ৭০ পয়সা। আর মিনিবাসের ভাড়া এক টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হচ্ছে এক টাকা ৬০ পয়সা। সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে, এটাই হবে সর্বনিম্ন ভাড়া। এছাড়া পরের প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। বিরতিকালে মিনিটপ্রতি ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে বৃদ্ধি করে দুই টাকা করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মিটার ঠিকঠাক করার জন্য সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা সময় চেয়েছেন, এজন্য ১ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তিনি বলেন, সবাইকে খুশি করতে পারব না। তারপরও  বাস্তবসম্মত এবং সব দিক সামলে নিয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সিএনজির মিটারের বিষয়টি ‘স্ট্রিক্টলি ফলো’ করা হবে, ভাড়ার তালিকা বাসে টানাতে হবে। 

পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পুনঃ নির্ধারিত ভাড়া ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যারা এ ভাড়া মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ঈদের আগে যেন বাড়তি ভাড়া কার্যকর না করা হয়। 

সভায় সড়ক বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও পরিবহন মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ভাড়া নিয়ে আমাদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ১৫ পয়সা এবং সর্বনিম্ন ভাড়া ৭ টাকা করা। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটাকেই আমরা মেনে নিয়েছি। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।

প্রত্যাখ্যান:গণপরিবহনের এই বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঠিক ব্যয় বিশ্লেষণ করা হলে, ভুয়া এবং অযৌক্তিক ব্যয় বাদ দেয়া গেলে বিদ্যমান ভাড়া আরও কমে আসতো। তাই ভাড়া বৃদ্ধি কোনোভাবেই মেনে নেয়া যায় না।  এই সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ জনগণের ভোগান্তি বাড়বে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top