রূপালি পর্দার এক সময়ের ব্যস্ত পপির বর্তমান ব্যস্ততা এখন অনেকটা সুনসান। তবে শুধু তিনিই নয়, তার সমসাময়িক অনেকেই এখন বড়পর্দায় আর নিয়মিত নন, অনেকে আবার অনেক আগেই বিদায় জানিয়েছেন চলচ্চিত্রকে।
পপি বড়পর্দায় অনিয়মিত হলেও এখনও চলচ্চিত্রে ধরে রেখেছেন তার অবস্থান। সংখ্যায় কম হলেও মানের দিক থেকে সজাগ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়িকা। পপি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখন পেশাদারিত্বের খুব অভাব। তাই ছবির সংখ্যা এখন আবার বাড়লেও ভালো চলচ্চিত্র কিন্তু খুব একটা হচ্ছে না। ভালোবাসি বলেই এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কিন্তু মানের বিষয়ে আমি আপোস করিনি।’
চলতি সময়ে পপি ‘সোনাবন্ধু’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এখানে তার বিপরীতে আছেন ডিএ তায়েব। অন্যদিকে ছোটপর্দাতেও অনেকদিন ধরেই দেখা মিলছে পপির। বিশেষ দিনগুলোতে একাধিক নাটকে অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও কয়েকটি নাটকের শুটিং করছেন তিনি। এবার ঈদে বিভিন্ন চ্যানেলে তার তিনটি নাটক প্রচার হবে। নাটকগুলো, ‘নায়িকার বিয়ে’, ‘ইনোসেন্ট লাভ’ ও ‘এক্সপ্রেশন অব লাভ’।
পপি বলেন, ‘নাটকে কাজ করতে ভালো লাগে, কিন্তু নিয়মিত করবো না। এবারের গল্পগুলো ভালো লেগেছে তাই করছি।’

