উদ্যোক্তা পর্যায়ের সৌরবিদ্যুত্ আগে কিনবে সরকার

S M Ashraful Azom
অপেক্ষাকৃত বেশি দামের বিদ্যুত্ হলেও উদ্যোক্তা সৌরবিদ্যুত্ দিতে সক্ষম হলে বিদ্যুত্ বিতরণ কোম্পানিগুলো সবার আগে সৌরবিদ্যুত্ কিনবে। সৌরবিদ্যুত্ উদোক্তাদের উত্সাহিত করতে সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত মঙ্গলবার সৌরবিদ্যুত্ উদোক্তাদের সঙ্গে বিদ্যুত্ বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুত্ বিভাগের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা।
 
বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) বর্তমানে বিভিন্ন জ্বালানি থেকে উত্পাদিত বিদ্যুত্ রেশনিং করে কিনে থাকে। এ ক্ষেত্রে গ্যাস চালিত বিদ্যুত্ কেন্দ্র প্রাধান্য পায়। চাহিদা না থাকলে ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়। নতুন সিদ্ধান্তের কারণে সৌরবিদ্যুত্ কিনতে বিতরণ কোম্পানিগুলো বাধ্য থাকবে। সাশ্রয়ী বিদ্যুত্ থাকলেও প্রথমে ব্যয়বহুল সৌরবিদ্যুত্ কিনে গ্রাহক চাহিদা মেটাতে হবে। পরিবেশবান্ধব বিদ্যুত্ প্রকল্পকে উত্সাহিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সরকার অনুমোদিত সৌর প্রকল্পের ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য ১৪ থেকে ১৫ টাকা।
 
সভায় অংশগ্রহণকারী এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সৌর এবং নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে সৌর বিদ্যুতের বিনিয়োগ খুবই ব্যয়বহুল। বিশ্বের অন্যান্য দেশে এ খাতে সরাসরি সরকারি ভর্তুকি রয়েছে। শুধু বাংলাদেশে নেই। তারা সৌর বিদ্যুতের জন্য একটি মূল্য কাঠামো নির্ধারণের পরামর্শ দেন। তারা উত্পাদিত বিদ্যুত্ গ্রিডে পৌঁছাতে সঞ্চালন লাইন বসাতে সরকারের প্রতি অনুরোধ জানান।
 
উদ্যোক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক বিদ্যুত্ সচিব আবুল কালাম আজাদ বলেন, সৌর বিদ্যুতের একটি নির্দিষ্ট মূল্য কাঠামো নির্ধারণ করা হবে। সরকার আপনাদের সর্বোচ্চ সুবিধা দেবে। বিদ্যুত্ কেনার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। তবে আপনারা বিদ্যুত্ গ্রিড পর্যন্ত পৌঁছে দেবেন। সঞ্চালন ব্যবস্থা উদ্যোক্তাদেরই বহন করতে হবে। 
 
বিদ্যুত্ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কাপ্তাইয়ের জলবিদ্যুত্ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি থেকে ১৭৬ মেগাওয়াট বিদ্যুত্ পাওয়া যাচ্ছে। এর মধ্যে সোলার হোম সিস্টেমসহ সৌর বিদ্যুতের অবদান ১৬৮ মেগাওয়াট। ২০২১ সালের মধ্যে সরকার সৌর শক্তি থেকে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুত্ পেতে চায়। ৩ হাজার ১৬৮ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের পরিকল্পনা রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top