উদ্যোক্তা হতে এখনই স্বপ্ন দেখতে হবে : শামীম আহসান

S M Ashraful Azom
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান বলেছেন, বেশিরভাগ ব্যবসায় উদ্যোগ কোটি টাকা দিয়ে শুরু হয় না। শুরু হয় সাধারণ মানুষের স্বপ্ন আর ইচ্ছা শক্তি নিয়ে। আর এই স্বপ্ন সফলতা পায় কিছু মৌলিক বিষয় বাস্তবায়নের মধ্য দিয়ে। তাই শিক্ষার্থীদেরকে এখনই স্বপ্ন দেখতে হবে। যথাযথ সময় এলে তা বাস্তবায়নে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া পরবর্তী জীবনে একজন সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক গুণসম্পন্ন একজন সৎ ও পূর্ণাঙ্গ মানুষ হতে হবে।

তিনি দেশের সবচেয়ে পুরাতন বিজনেস ক্লাব ‘নটরডেম বিজনেস ক্লাব’ আয়োজিত দেশের প্রথম বিজনেস উৎসব ‘প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আজকের এই বিজনেস ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসায়ের নানা বিষয় ও উদ্যোগ সম্পর্কে জানতে পারছে। তারা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারবে। আর এর মাধ্যমেই হয়তো বাংলাদেশ থেকে একদিন ফেসবুক, গুগল, অ্যাপল কিংবা ফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি তৈরি হবে। তাই নিয়মিত এ ধরণের আয়োজনের প্রয়োজন রয়েছে।    

শুক্রবার সকাল ১০টায় নটরডেম কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, হেড অব গাইডেন্স ফাদার সুশান্ত এ. গোমেজ প্রমুখ।

দু’দিনের এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় স্কুল ও কলেজ অংশ নিয়েছে। রয়েছে বিজনেস অলিম্পিয়াড, ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, বিজনেস জেনারেল নলেজ অলিম্পিয়াড, রিউবিক কিউব চ্যালেঞ্জ, ফটোগ্রাফি কনটেস্ট, আইকন ওয়ার্কশপ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top