রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানের নাগরিক হোসি কনিও নিহত হওয়ার পর দেশটির দূতাবাস থেকে এ সংক্রান্ত খবর সংগ্রহকারী সাংবাদিকদের প্রতি তিনটি অনুরোধ জানানো হয়েছে হয়েছে।
নিরাপত্তার স্বার্থে হামলাস্থলে যাওয়া জাপানি দূতাবাসের কর্মীদের ছবি না তোলা, ঘটনাস্থলে পুলিশের দেয়া বেষ্টনীর ভেতর না যাওয়া ও নিহত হোসির ছবি বিশেষ করে যেসব ছবির সাথে হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে সেগুলো ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়। হোসির পরিবারের পক্ষ থেকে তৃতীয় অনুরোধটি করা হয়েছে বলে দূতাবাস থেকে জানানো হয়।
গত শনিবার রংপুরের কাউনিয়া উপজেলার কাসু গ্রামে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে জাপানের নাগরিক হোসি কনিও (৩৫) নিহত হন।
পুলিশ জানিয়েছে, এক বছরের ভিসা নিয়ে হোসি কনিও রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুতারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন। শনিবার সকালে নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুতারীতে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার হাত, বুক ও পায়ে তিনটি গুলি লাগে।
হোসি কনিওকে হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএস'র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করে টুইট করা হয়। এদিকে গত ২৮ সেপ্টেম্বর গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে এক ইতালীয় নাগরিক নিহত হন। তাকে হত্যার দায়ও স্বীকার করেছিল আইএস।

